চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় সরকারবিরোধী কর্মকাণ্ডে উসকানি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মশাল মিছিলে জড়িত থাকার অভিযোগে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফলেহার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে দর্শনা থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফলেহার হোসেন দর্শনা পৌর এলাকার রামনগর গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে। তিনি দর্শনা পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর দর্শনা থানা এলাকায় সরকারবিরোধী কর্মকাণ্ডে উসকানি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মশাল মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগ রয়েছে ফলেহার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অন্য পাঁচজন হলেন মো. ঝন্টু (৪৭), লিটন (৩৮), মোতালেব হোসেন (৪০), লিমন ওরফে আলফাজ (৪৫) ও শাওন ইসলাম (২২)। পুলিশ জানিয়েছে, তারা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোখলেসুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৩ সেপ্টেম্বরের মশাল মিছিলের ঘটনায় ফলেহার হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। পৃথক অভিযানে অন্য পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার ছয়জনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।









