নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা-পুলিশ চারজনকে আটক করেছে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল ধানমন্ডি ২৭ নম্বর সড়কের দিকে আসে। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় ধানমন্ডি থানা-পুলিশ তিনজনকে আটক করে। এ সময় মিছিলের একটি ব্যানারও উদ্ধার করা হয়। অন্যদিকে, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় আরও একজনকে আটক করা হয়েছে। পুলিশের দুই থানার পৃথক অভিযানে আটক চারজনের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দুপুরের দিকে মিছিলটি ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বাটা শোরুমের সামনে পৌঁছালে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু করে। ঘটনার পর ধানমন্ডি ২৭ নম্বরসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।








