বাড়ি বাড়ি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের বুলবুলি খাতুন। অসহায়ত্ব আর দারিদ্র্যের সঙ্গে দীর্ঘদিনের লড়াই শেষে এখন তিনি ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি দোকান ও প্রয়োজনীয় মালামাল পেয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বুলবুলি খাতুনের দোকান পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। এ সময় তিনি বুলবুলি খাতুনের খোঁজখবর নেন এবং দোকানের ব্যবসায়িক কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে দেখা যায়, নিজের দোকানে বসে হাসিমুখে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করছেন বুলবুলি খাতুন। একসময় যিনি জীবিকার তাগিদে মানুষের দ্বারে দ্বারে হাত পাততেন, এখন সেই তিনিই নিজ ব্যবসা পরিচালনা করছেন।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, বুলবুলি খাতুনকে ভিক্ষাবৃত্তি থেকে বের করে এনে স্বাবলম্বী করার লক্ষ্যে তাঁকে একটি দোকান ও প্রয়োজনীয় মালামাল সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে তাঁর জন্য একটি স্থায়ী আয়ের পথ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বুলবুলি খাতুনের মতো সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের টেকসইভাবে পুনর্বাসনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সংশ্লিষ্টদের আশা, সহায়তা ও সুযোগ পেলে সমাজের প্রান্তিক মানুষও ভিক্ষাবৃত্তি ছেড়ে আত্মমর্যাদার সঙ্গে স্বাবলম্বী জীবনযাপন করতে পারবেন।








