চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ রুহুল কবীর খান গত ১৬ মার্চ ২০২৬ তারিখে চুয়াডাঙ্গার ৩১তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন বলে জেলা পুলিশ জানিয়েছে। সম্প্রতি তাঁকে চুয়াডাঙ্গা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। এ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা তাঁর কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং তাঁকে মানবিক, সৎ, মেধাবী, পরিশ্রমী ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে উল্লেখ করেন। বিদায়ী বক্তব্যে মোহাম্মদ রুহুল কবীর খান চুয়াডাঙ্গার নাগরিক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং জেলা পুলিশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্ব পালনে সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।
তিনি বলেন, চুয়াডাঙ্গায় দায়িত্ব পালন তাঁর কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা ও সহযোগিতা তাঁকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে তিনি নবাগত পুলিশ সুপারকে সার্বিক সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মোঃ সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।









