চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াবকরী গ্রামের মাঝের পাড়ার গোলাম মন্ডলের বাড়িতে ছাদ দিয়ে ও দরজা ভেঙে ডাকাতরা প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চিৎকার করলে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর ডাকাতরা আলমারির চাবি নিয়ে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তারা আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রোববার সকালে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আলামত সংগ্রহের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।









