চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযানে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও চুরির অভিযোগে বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত পর্যন্ত আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্পের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গায় পৃথক অভিযান চালানো হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটের দিকে আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই আব্দুস সবুরের নেতৃত্বে শেখপাড়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ির পেছনে পাকা রাস্তা থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা।অন্যদিকে, শুক্রবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে কালিদাসপুর রেলগেটের উত্তর পাশে চক্ষু হাসপাতাল সড়কসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। শাওনের কম্পিউটার দোকানের সামনে থেকে এক যুবককে একটি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৫০ টাকা।এ ছাড়া বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে শিয়ালমারী উত্তরপাড়ায় দুলাল মিয়ার দোকানের সামনে থেকে রানা হোসেন (২০) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বেঞ্চ, দুটি লোহার ফ্রেম ও দুটি কাঠের পাটাতন উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ৮ হাজার টাকা। পুলিশ জানায়, স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়।পুলিশের তথ্যমতে, ইয়াবাসহ গ্রেপ্তার যুবক ও মালামালসহ আটক রানা হোসেনকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে।এদিকে, আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তারা হলেন—ফুলবগাদী গ্রামের গোলাম রসুল (৫০), চিৎলা গ্রামের সিদ্দিক আলী (৫৪), তিয়রবিলা পাইকপাড়া গ্রামের হাসিবুল ইসলাম (৩২), আলমডাঙ্গা স্টেশনপাড়ার মায়া খাতুন (২৭) এবং চিৎলা গ্রামের নাজমিন খাতুন (৫০)।পুলিশ আরও জানায়, ইয়াবাসহ আটক কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আলমডাঙ্গা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচজনসহ সংশ্লিষ্টদের আদালতে সোপর্দ করা হয়েছে।









