ঝিনাইদহের কালীগঞ্জে সনদবিহীনভাবে ডেন্টাল কেয়ার পরিচালনার অভিযোগে ফিরোজ ডেন্টাল কেয়ারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক ও দন্ত চিকিৎসক ফিরোজুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা ও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে কালীগঞ্জ শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় সনদ ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ফিরোজুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা এবং দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটিতে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রিধারী দন্ত চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক নিয়োগ করা না হলে প্রতিষ্ঠানটি সিলগালা করা হবে বলে জানানো হয়। ততদিন পর্যন্ত ফিরোজ ডেন্টাল কেয়ারে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শান্ত এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, “এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। অবৈধ ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।”









