চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাড়ির সামনে তালাবদ্ধ করে রাখা একটি পাখি ভ্যান চুরির অভিযোগ উঠেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বেলগাছি ইউনিয়নের মালিথাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া পাখি ভ্যানটির মালিক মোঃ আসাদুল (৬৩)। তিনি বেলগাছি মালিথাপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, আসাদুলের ছেলে মোঃ জীবন (২৬) প্রতিবন্ধী। প্রায় পাঁচ বছর আগে ছেলের জন্য আলমডাঙ্গা শহরের ‘পজেটিভ আলমডাঙ্গা সমাজ সংঘ’ থেকে একটি পাখি ভ্যান কিনে দেওয়া হয়। ছেলে প্রতিবন্ধী হওয়ায় আসাদুল নিজেই ভ্যানটি চালিয়ে পরিবারের প্রয়োজন মেটান। সোমবার সকালে তিনি পাখি ভ্যানটি নিয়ে বেলগাছি বাজারে যান। সেখান থেকে ভাড়া শেষ করে দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে ফিরে আসেন। পরে বাড়ির সামনে রাস্তার পাশে ভ্যানটি রেখে তালা দিয়ে তিনি বাড়ির ভেতরে যান। আসাদুলের অভিযোগ, এ সময় দুই অজ্ঞাত ব্যক্তি একটি মোটরসাইকেলে করে তার ভ্যানের পাশে এসে দাঁড়ায় এবং মোবাইল ফোনে কথা বলতে থাকে। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। প্রায় পাঁচ মিনিট পর তিনি বাড়ি থেকে বের হয়ে দেখেন, তালাবদ্ধ অবস্থায় রাখা পাখি ভ্যানটি সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও ভ্যানটির সন্ধান পাওয়া যায়নি। তার ধারণা, মোটরসাইকেলে আসা ওই দুই অজ্ঞাত ব্যক্তি দুপুর ১২টা থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে ভ্যানটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়দের নিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ করেও ভ্যানটি উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পরিবারের সঙ্গে আলোচনা করে আসাদুল আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেন। আলমডাঙ্গা থানার পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।








