চুয়াডাঙ্গার আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক শাহিনুর আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ইউএনওকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ সমিতির বিভিন্ন কার্যক্রম ও কাপড়পট্টির ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় ইউএনও শাহিনুর আক্তার নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের অভিনন্দন জানান এবং ব্যবসায়ীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি কাপড়পট্টির পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে নবনির্বাচিত কমিটির সদস্যদের সচেতন থাকার পরামর্শ দেন। পাশাপাশি কাপড়পট্টিতে কোনো ধরনের সমস্যা দেখা দিলে তা দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য কমিটির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান। সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাপড়পট্টির সার্বিক পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নির্বাচনে আব্দুস সামাদ বাবলু সভাপতি এবং রুবেল সম্পাদকসহ নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত হয়। নির্বাচনের পর নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।








