মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৩ সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত চেক বিতরণ এবং সরকারি যানবাহন অধিদপ্তরাধীন জেলা পুলে কর্মরত কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,মোতাকাব্বীর আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও মাগুরা-০১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান । জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় কৃষকদের জন্য সার ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিতকরণ, সুষ্ঠু বিতরণ ব্যবস্থা এবং বাজার পরিস্থিতি মনিটরিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া, বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মাগুরা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিবর্গের পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এ সময় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।পরবর্তীতে সরকারি যানবাহন অধিদপ্তরাধীন জেলা পুলে কর্মরত কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে দায়িত্বশীলতা, নিরাপদ যানবাহন পরিচালনা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসব কার্যক্রমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








