কুষ্টিয়ার মিরপুরে যুব ফোরাম এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে প্লাস্টিক দূষণ কমানো ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ভাঙারি মামা’ উদ্যোগ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মিরপুরের বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিশন গ্রিন বাংলাদেশ ও iLead-এর অংশীদারিত্বে যুব ফোরাম আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের কাছ থেকে প্লাস্টিক বোতল সংগ্রহ করে ১০টি প্লাস্টিক বোতলের বিনিময়ে একটি করে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্যকে পরিবেশ রক্ষার কার্যকর উদ্যোগে রূপ দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির চেষ্টা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহিবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ফোরাম এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আসাদুজ্জামান লিমন। অনুষ্ঠানে বক্তব্যে মোঃ আসাদুজ্জামান লিমন বলেন, “প্লাস্টিক বর্জ্য আমাদের পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা চাই, ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা প্লাস্টিক বর্জ্য সঠিকভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনার গুরুত্ব বুঝুক। একটি প্লাস্টিক বোতল হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু সম্মিলিতভাবে এগুলো পরিবেশের ওপর বড় প্রভাব ফেলে। ‘ভাঙারি মামা’র মতো উদ্যোগের মাধ্যমে আমরা বর্জ্যকে সম্পদে পরিণত করার পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করতে চাই।” প্রধান শিক্ষক মঃ মোজাফফর হোসেন বলেন,“শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুব ফোরাম এর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। শিক্ষার্থীরা আজ যে শিক্ষা পেল, তা তারা নিজেদের পরিবার ও সমাজেও ছড়িয়ে দিতে পারবে।” কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। শিক্ষার্থীরাও উৎসাহের সঙ্গে প্লাস্টিক বোতল সংগ্রহ ও বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া যুব ফোরাম কুষ্টিয়া জেলার সদস্য লিওনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন। আয়োজক যুব ফোরাম জানায়, প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং সমাজে সবুজ ও পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।








