চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারকে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নুরুল ইসলামকে একই পদে পদায়ন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তাদের এ রদবদলের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারকে রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. নুরুল ইসলামকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শহীদ উল্লাহ। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনে রংপুরের তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মুখ্য পরিদর্শক মো. মাহবুবুর রহমানকে নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পদে বদলি করা হয়েছে। কৃষি বিভাগের সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন দায়িত্বে মো. নুরুল ইসলাম চুয়াডাঙ্গার কৃষি সম্প্রসারণ কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।









