চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের বটতলা বাজারের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। আটক যুবকেরা হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ থানার আনন্দবাগ গ্রামের আরজুল মণ্ডলের ছেলে ইব্রাহিম খলিল (২৬) এবং আড়পাড়া গ্রামের সাধন কুমার দাসের ছেলে অনিক দাস (২৬)। বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মেদিনীপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের বটতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে চলাচল করা ওই দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করে আটক দুজনের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।









