নওগাঁয় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, দীর্ঘ দুই মাসের প্রচেষ্টার পর মাদকদ্রব্যের এক ডিলারকে গ্রেপ্তার করা হয় সোমবার (৩১ আগস্ট) গভীর রাতে নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এ অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে খবর পাওয়া যায়, ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রয়েছে। পরে ডিবি পুলিশের সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে মাহমুদুল হাসান ওরফে রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে আসামির শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্সের ভেতর থেকে ১১টি পোটলায় রাখা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ১০টি পোটলায় ৪ কেজি করে মোট ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা। গ্রেপ্তার মাহমুদুল হাসান ওরফে রুবেল নওগাঁ সদর উপজেলার ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। তার মায়ের নাম ডলি বেগম। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মাহমুদুল হাসান ওরফে রুবেল আরও একজনের যোগসাজশে গাঁজার ডিলার হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ওই সহযোগীকেও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য প্রতিরোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে।









