জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপ তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং একটি সুস্থ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। মাদকের বিস্তার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সোমবার (৩১ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা আইন-শৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে তিনি সভায় অংশ নেন। মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সংকট উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকের বিস্তারের সঙ্গে অপরাধও বাড়ছে। এ কারণে মাদক নিয়ন্ত্রণে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে।

কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে। এর নেতিবাচক প্রভাব এখনো সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাই সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শন ধারণ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।

পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সমান গুরুত্ব দিতে হবে। নদী দূষণ, শিল্পবর্জ্য ব্যবস্থাপনা এবং নগর পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

31 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com