পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি চুয়াডাঙ্গা জেলা শাখা।
রোববার (৩০ আগস্ট) সংগঠনটির উদ্যোগে আলমডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির দপ্তর সম্পাদক মো. আসিফ আল আজাদ, জাতীয় ছাত্রশক্তির প্রতিনিধি হারুন জোয়ার্দ্দার, জাহাঙ্গীর আলম, শাকিব হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী। বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। জাতীয় ছাত্রশক্তি চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।








