জয়পুরহাটের কালাই উপজেলায় যৌতুকের দাবিতে মাছুদা বেগম (৩৮) নামে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর স্বামী মেহেদী হাসান ওরফে শাপলার (৪০) বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সাত দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে মাছুদা বেগমের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই বছির উদ্দিনের করা মামলায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতেই কালাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান কালাই উপজেলার হারুঞ্জা শাহাপাড়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। নিহত মাছুদা বেগম পাশের ক্ষেতলাল উপজেলার দাশড়া গ্রামের বাসিন্দা। প্রায় ২০ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের ১২ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় মাছুদা বেগমের কাছে যৌতুক দাবি করে আসছিলেন তাঁর স্বামী। দাবিকৃত টাকা না দেওয়ায় তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
নিহতের ভাই বছির উদ্দিনের অভিযোগ, তাঁর বোন মাছুদা বেগম ২০ শতক জমি ভাগে পেয়েছিলেন। ওই জমি বিক্রি করার জন্য মেহেদী হাসান তাঁকে চাপ দিচ্ছিলেন। একপর্যায়ে তাঁরা মেহেদীকে এক লাখ টাকা দেন। পরে আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা হয়। ওই টাকা দিতে না পারায় মাছুদার ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
এজাহারে আরও বলা হয়েছে, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদা বেগমের হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। একপর্যায়ে প্লায়ার্স দিয়ে তাঁর মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। পরে কাস্তে গরম করে তাঁর হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এতে মাছুদা অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঘরের ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরদিন তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই বছির উদ্দিন বলেন, তাঁর বোনকে দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য নির্যাতন করা হচ্ছিল। এক লাখ টাকা দেওয়ার পরও আরও পাঁচ লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে না পারায় তাঁর বোনের ওপর নির্যাতন চালানো হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মেহেদী হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মামলায় করা অভিযোগের বিষয়ে গ্রেপ্তার মেহেদী হাসানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। মাছুদা বেগমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।








