নরসিংদীর শিবপুরে স্ত্রী ছোট ভাইয়ের সঙ্গে চলে যাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে আল-সাদী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকার পর বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাঁর মৃত্যু হয়।
নিহত আল-সাদী শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আল-সাদীর এটি ছিল তৃতীয় বিয়ে। আগের দুই স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। সর্বশেষ স্ত্রীও তাঁর ছোট ভাইয়ের সঙ্গে চলে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরই একপর্যায়ে সোমবার (১৭ আগস্ট) বিকেলে বাড়ির কাছের সড়কে নিজের শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আল-সাদী নিজেই নিজের শরীরে আগুন দিয়েছেন বলে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।









