কুষ্টিয়া জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সহকর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে বিদায় নিলেন তিনি বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা উপস্থিত ছিলেন। বিদায়ী সংবর্ধনায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে কর্মকালীন নানা অভিজ্ঞতা ও ভালো কাজের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে তাঁর পারিবারিক ও চাকরি জীবনের সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তারা। বিদায়ী পুলিশ সুপার তাঁর বক্তব্যে কুষ্টিয়া জেলায় দায়িত্ব পালনকালে অর্জিত বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি দায়িত্ব পালনে সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পেশাগত দায়িত্ব নিষ্ঠা, সততা ও শৃঙ্খলার সঙ্গে পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ডিআইও-১ (ডিএসবি), জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরও-১সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ কর্মকালীন সময়ের স্মৃতিচারণ ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন কুষ্টিয়া থেকে বিদায় নেন।








