চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তারুণ্যের নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে ‘জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
‘তারুণ্যের নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ’ শীর্ষক কর্মপরিকল্পনা সভায় প্রায় ৬০ জন যুবক-যুবতী অংশ নেন। পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংগঠনের সভাপতি সাঈদ এম হিরন স্বাগত বক্তব্য দেন। তিনি তরুণ সমাজকে প্রাণী ও প্রকৃতির প্রতি মমত্ববোধে উদ্বুদ্ধ হয়ে সবুজ, সুফলা ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সাঈদ এম হিরনকে সভাপতি, আমিরুল ইসলাম জয়কে সহ-সভাপতি এবং আরাফাত রহমান অরণ্যকে সেক্রেটারি করা হয়। পরে নারী উদ্যোক্তা আর. এ. তামান্নার সৌজন্যে কেক কেটে নবগঠিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
সংগঠনের উপদেষ্টা রেজাউল করিম বলেন, তরুণরাই দেশের প্রধান চালিকাশক্তি। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপর উপদেষ্টা বুলবুল আহমেদ প্রকৃতিকে মায়ের সঙ্গে তুলনা করে বৃক্ষরোপণের পাশাপাশি চুয়াডাঙ্গার ঐতিহাসিক কুমার নদ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির সহ-সভাপতি আমিরুল ইসলাম জয় বলেন, তরুণ প্রজন্মই দেশ গড়ার প্রধান সৈনিক। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় তরুণদের সরাসরি অংশগ্রহণ বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ। এ ছাড়া স্থানীয় পরিবেশকর্মী ও সংগঠনের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সভায় পশুপাখির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার শপথ নেওয়া হয়।
কর্মসূচিতে প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের অতীতের বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম তুলে ধরা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ফলজ, ঔষধি ও পরিবেশবান্ধব প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল আম, সুপারি, বহেড়া, অর্জুন, আমলকী, লেবু, জলপাই ও পেয়ারা।
আয়োজকরা বলেন, তারুণ্যের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চান তারা। তাদের প্রত্যাশা, তরুণদের নেতৃত্বে গড়ে উঠবে একটি সবুজ বাংলাদেশ; যেখানে মানুষ, প্রাণী ও প্রকৃতি নিরাপদে সহাবস্থান করবে।









