চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহের হোগলডাঙ্গা গ্রামে অনুমোদিত নিজস্ব প্যাকেটের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার অপরাধে ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন বাজারে পরিচালিত তদারকিমূলক অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান সূত্রে জানা যায়, হোগলডাঙ্গা গ্রামের মোছা. হাফিজা খাতুনের মালিকানাধীন ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ অনুমোদিত নিজস্ব প্যাকেট ব্যবহার না করে অবৈধভাবে অন্য একটি প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার ভরে বাজারজাত করে আসছিল। তদারকির সময় বিষয়টি প্রমাণিত হলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং ভবিষ্যতে নিজস্ব অনুমোদিত প্যাকেটে জৈব সার বাজারজাত করার জন্য প্রতিষ্ঠানটির মালিককে কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের একটি দল। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং কৃষি উপকরণের মান ও বৈধতা নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।









