ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ২ নং মেদুয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বগাজান চৌরাস্তা জামে মসজিদের পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে ওই ব্যক্তিকে বগাজান বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। তার আচরণ ও কথাবার্তা দেখে অনেকের কাছে তিনি মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়। এ সময় খোরশেদ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ব্যক্তির ছবি প্রকাশ করে পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান জানিয়ে একটি পোস্ট দেন। তিনি পোস্টে উল্লেখ করেন, কেউ ব্যক্তিটিকে চিনে থাকলে যেন বগাজান বাজারে যোগাযোগ করেন। স্থানীয়দের ভাষ্য, বাজারে অবস্থানকালে ওই ব্যক্তিকে ঘাস টেনে খেতেও দেখা গেছে। বগাজান বাজারের হোটেল ব্যবসায়ী দুলাল জানান, বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করার আগে তিনি ওই ব্যক্তিকে একটি রুটি খেতে দিয়েছিলেন। ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, “বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় হাবিল নামের এক ব্যক্তি পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।” তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com