কড়ই গাছের শুকনো ডাল মাথায় পড়ে আহতের মৃত্যু: চুয়াডাঙ্গা আদালতে অ্যাডভোকেট রোকনকে কোর্ট রেভারেন্স, আইনজীবী সমিতির শোকসভা
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকনের অকাল মৃত্যুতে চুয়াডাঙ্গা আদালত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার (২ আগস্ট) চুয়াডাঙ্গার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে মরহুমের স্মরণে কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। পরে জেলা আইনজীবী সমিতির হলরুমে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।জানা যায়, গত ১৭ জুলাই নিজ এলাকায় একটি কড়ই গাছের শুকনো ডাল মাথায় পড়ে গুরুতর আহত হন ৩১ বছর বয়সী অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে ভর্তি করা হয়। সেখানে টানা ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত ৩০ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে আইনজীবী সমাজ, সহকর্মী, বিচারপ্রার্থী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।আজকের কোর্ট রেভারেন্সে বিচারক, সরকারি আইনজীবী, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা মরহুমের পেশাগত সততা, ভদ্র ব্যবহার এবং সম্ভাবনাময় আইনজীবী হিসেবে তাঁর অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, একজন তরুণ আইনজীবীর এমন অকাল প্রয়াণ চুয়াডাঙ্গার আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।পরে জেলা আইনজীবী সমিতির হলরুমে অনুষ্ঠিত শোকসভায় মরহুমের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ বলেন, মরহুম অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকনের সততা, আন্তরিকতা ও পেশাগত নিষ্ঠা সহকর্মীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করেন।দোয়া: মহান রাব্বুল আলামীন মরহুম অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকনকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।









