রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে দুই হাত বাড়িয়ে হাসিমাখা মুখে তাকিয়ে থাকা এক কিশোরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই কিশোর তাহসিন আব্দুল্লাহ—যে এক বছর আগে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় বড় বোনকে হারিয়ে হাসি ভুলে গিয়েছিল। পরবর্তীতে ওই ছবির পেছনের হৃদয়বিদারক গল্প জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ জুলাই) বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে তাহসিনের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ব্যক্তিগত আগ্রহ সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী। বর্তমানে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত তাহসিন জানায়, বড় হয়ে সে একজন সফল ব্যবসায়ী হতে চায়। পাশাপাশি এমন কিছু করতে চায়, যার মাধ্যমে মানুষের উপকার হবে এবং মানুষ তার কাজের প্রতি আকৃষ্ট হবে। তাহসিনের স্বপ্নের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাকে মনোযোগ দিয়ে লেখাপড়া, নিয়মিত খেলাধুলা এবং লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন। আলাপচারিতায় তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। এ সময় প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি ফুটবলসহ বিশেষ উপহার তুলে দেন তার হাতে। সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবার দেখা করতে পেরে সে খুবই আনন্দিত। এমন একটি সুযোগ পাবে, তা কখনো কল্পনাও করেনি। স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলেও জানায়। তাহসিন আরও জানায়, প্রধানমন্ত্রী তার সঙ্গে পরিবারের একজন সদস্যের মতো আন্তরিকভাবে কথা বলেছেন। তাই তার কোনো ধরনের সংকোচ বা নার্ভাসনেস কাজ করেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখার সুযোগও পেয়েছে সে। সেখানে রাখা গাড়ি ও জাহাজের রেপ্লিকা তাকে মুগ্ধ করেছে। বাবার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফিও তুলেছে সে। উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তাহসিন তার বড় বোন তাসনিয়াকে হারায়। দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। পরিবারের ভাষ্য অনুযায়ী, প্রাণখোলা হাসি যেন হারিয়েই ফেলেছিল ছোট্ট তাহসিন। সম্প্রতি বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার মুখে ফিরে আসে সেই নির্মল হাসি। ক্যামেরাবন্দি হওয়া সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মাইলস্টোনের যুদ্ধবিমান দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উপ প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।









