বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে সবুজায়ন কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








