চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের থানাপাড়া এলাকার চারাবাড়ির মাঠে একই রাতে চারটি সেচ মোটরের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে সংঘটিত এ ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ইদের আলী, তানজেল, মান্নান ও আক্তার আলী। ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে সেচ মোটর চালু রেখে তারা বাড়ি ফিরে যান। গভীর রাতে দুর্বৃত্তরা বিদ্যুতের খুঁটি থেকে চারটি সেচ মোটরের ট্রান্সফরমার খুলে নিয়ে যায়।
শুক্রবার সকালে কৃষকরা জমিতে গিয়ে ট্রান্সফরমারগুলো চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন। এতে তাদের সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, সম্প্রতি এলাকায় সেচ মোটরের ট্রান্সফরমার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় এনে এ ধরনের অপরাধ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল বলেন, “অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”









