ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী ও বিক্রেতাসহ এক নারীসহ ছয়জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে তিনজনকে তিন মাস এবং অপর তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার (লিমা) পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার মৃত ওহিদ সিকদারের মেয়ে ও রবিউলের স্ত্রী তাছলিমা বেগম, মৃত আমজাদ আলীর ছেলে ইব্রাহিম এবং মৃত তারা মিয়ার ছেলে রবিউল। এছাড়া মোক্তারপুর ইউনিয়নের দিগুয়া এলাকার মোশাররফ হোসেনের ছেলে মিঠুন, মৃত আয়েত আলীর ছেলে মানিক মিয়া এবং মৃত রফিজ উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম। তাদের সবাইকে মাদকাসক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ ও মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এবং মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাদের আটক করে। পরে শুক্রবার আটক ব্যক্তিদের মোবাইল কোর্টে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার (লিমা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় বালীগাঁও এলাকার তিনজনকে তিন মাস করে এবং মোক্তারপুর ইউনিয়নের দিগুয়া এলাকার তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার (লিমা) জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে প্রশাসনের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।









