মীর রোকনুজ্জামানঃ
মাদক মুক্ত সমাজ গঠনের দৃড় প্রত্যয় ও খেলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলার উদ্যেশ্য নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পাইকপাড়া হাই স্কুল মাঠে জমকালো আয়োজনে শুরু হয়েছে ৮ দলের ঐতিহ্যবাহী আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
৩রা জুলাই, শুক্রবার পিপিএনএস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় বগুড়া জেলা ফুটবল দলকে হারিয়ে শুভ সূচনা করেছে নাটোর জেলা ফুটবল দল।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরিফুজ্জামান (শরিফ)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী এবং বলরামপুর মিতালি যুব সংঘের সভাপতি মোঃ ইমরান হোসেন (ঝন্টু)।এছাড়াও অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খেলা আয়োজক ও পিপিএনএস স্পোর্টিং ক্লাবের কর্ণধার, সাবেক তুখোর ফুটবলার মোঃ আতিকুর রহমান (হিরো)। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে পরিচালনা করেন পিপিএনএস স্পোর্টিং ক্লাবের সক্রিয় সদস্য মীর রোকনুজ্জামান।
মাঠের লড়াই ও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় উত্তরবঙ্গের দুই শক্তিশালী দল বগুড়া জেলা ফুটবল দল ও নাটোর জেলা ফুটবল দল। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। ৯০ মিনিটের এই টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে নাটোর জেলা ফুটবল দল ৩-১ গোলের ব্যবধানে বগুড়া জেলা ফুটবল দলকে পরাজিত করে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড নিশ্চিত করে।
মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় এবং করতালি খেলোয়াড়দের দারুণভাবে অনুপ্রাণিত করেছে।যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মাঠমুখী করার লক্ষ্যে পিপিএনএস স্পোর্টিং ক্লাবের এই আয়োজন স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।








