নিজস্ব প্রতিবেদক :চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শব্বেদারী (নৈশ ইবাদত) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ শিক্ষা শিবির শুরু হয়। রাতব্যাপী বিভিন্ন ধর্মীয় কার্যক্রম শেষে ফজরের নামাজ আদায়ের মধ্য দিয়ে শিবিরের সমাপ্তি হওয়ার কথা রয়েছে।আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাপ হোসাইন।শিক্ষা শিবিরে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে পরকালের হিসাব-নিকাশ, কিয়ামতের ভয়াবহতা, আত্মশুদ্ধি এবং বর্তমান জীবনে একজন মুসলমানের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের যৌথভাবে ইবাদত-বন্দেগি পালনের পদ্ধতি ও ইসলামী জীবনাচার সম্পর্কে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও ডাউকী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী, আলমডাঙ্গা পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, উপজেলা সহকারী সেক্রেটারি ও তারবিয়াত বিভাগের সভাপতি বিলাল হোসাইন এবং যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।বক্তারা বলেন, শব্বেদারী শিক্ষা শিবিরের মূল উদ্দেশ্য হলো ইসলামের মৌলিক শিক্ষার আলোকে আত্মশুদ্ধি, ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং নৈতিক ও আদর্শবান সমাজ গঠনে কর্মীদের উদ্বুদ্ধ করা। রাতব্যাপী এ আয়োজনে জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।









