টাঙ্গাইল সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) টাঙ্গাইল জেলা পরিষদের দক্ষিণ পাশের এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার আব্দুর রাজ্জাক টাঙ্গাইলের ভাঙ্গাবাড়ি এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক তপু খান প্রসিকিউশন দাখিল করলে টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাকিব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।









