চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আলমডাঙ্গা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের নির্দেশনায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলাকালে আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর বাজারে মিশুক আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। অভিযানে প্রাগপুর গ্রামের মৃত আজিম উদ্দিন বিশ্বাসের ছেলে স্বপন (২৮) এবং ওসমানপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সানমুন হোসেনকে (৩০) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। রাত ৭টা ৫৫ মিনিটের দিকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়, সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে আরও কয়েকজন সহযোগী জড়িত রয়েছে। এ ঘটনায় আরও দুইজন শনাক্ত আসামিসহ ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








