সহযোগী আরও দুইজন ও অজ্ঞাত ৫-৬ জনের সম্পৃক্ততার অভিযোগ, মামলা দায়ের চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও দুইজন সহযোগী এবং অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলমডাঙ্গা থানার হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের ঝুটিয়াডাঙ্গা ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়।
অভিযানে মহেশপুর (স্কুলপাড়া) গ্রামের আবু তাহের বিশ্বাসের ছেলে মো. তানজিল হোসেন (৩৭) এবং মহেশপুর (কলবাগান) গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. পারভেজ হোসেনকে (১৯) আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে এবং ঘটনাস্থলেই প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতদের সঙ্গে মাদক বিক্রয়, সংরক্ষণ ও সরবরাহের কাজে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে। তাদের মধ্যে দুইজন সহযোগীর পরিচয় পাওয়া গেলেও তারা পলাতক রয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জন এই চক্রের সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশ সন্দেহ করছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আলমডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।









