যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ৮৮ বোতল বিদেশি মদসহ ওমর শরীফ রাজা (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।রোববার (২৪ মে) যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃত ওমর শরীফ রাজা ওই এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি চৌকস অভিযানিক দল কোতয়ালী মডেল থানাধীন ঘোপ সেন্ট্রাল রোড কবরস্থান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওমর শরীফ রাজার নিজ শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন নামী-দামী ব্র্যান্ডের মোট ৮৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অবৈধ মাদক মজুত রাখার দায়ে ঘটনাস্থল থেকেই তাকে হাতেনাতে আটক করে ডিএনসি।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, তরুণ সমাজকে মাদকের ভয়ানক থাবা থেকে রক্ষা করতে এবং যশোর জেলাকে মাদকযুক্ত করতে তাদের এই নিয়মিত ও বিশেষ অভিযান আগামীতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।








