চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে আলমডাঙ্গা উপজেলার ০৭নং জেহালা ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর বাবুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওলাদ হোসেনের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ০৪ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—
দক্ষিণ গোবিন্দপুর (জেহালা) গ্রামের মৃত নবীন মন্ডলের ছেলে মোঃ জয়নাল মন্ডল (৪৫) এবং একই গ্রামের নজরুল ইসলাম ফেলুর ছেলে মোঃ সজিব হোসেন (২২)।
পুলিশ জানায়, বুধবার রাত ১১টা ০৫ মিনিটের দিকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়, সংরক্ষণ ও সরবরাহের সঙ্গে আরও অন্তত একজন সহযোগী এবং অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।









