শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবীর। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন এবং সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবোজ্জ্বল দুটি দিন। মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দিবস দুটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনা, শহীদ মিনার ও বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় করে পুলিশ দায়িত্ব পালন করবে।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান। এ ছাড়া সিভিল সার্জন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, আনসার ও ভিডিপির প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।









