ধরলা নদী রক্ষায় স্থানীয়দের মতামত ও সমন্বিত উদ্যোগের তাগিদ, কুড়িগ্রামে কর্মশালা


ধরলা নদী ও এর অববাহিকার পরিবেশ, জীববৈচিত্র্য, অর্থনৈতিক গুরুত্ব এবং নদীনির্ভর মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় স্থানীয় জনগণের মতামত, সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অডিটোরিয়ামে ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভের (বিপিআই) উদ্যোগে পরিচালিত ‘Women for a Free-Flowing Dharla Phase II’ প্রকল্পের আওতায় ফলাফল যাচাই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ধরলা নদী ও এর অববাহিকাকে কেন্দ্র করে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, নদীসংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা এবং গবেষণালব্ধ ফলাফল নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহমুদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এলিনা আক্তার। কর্মশালায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন মেহনাজ মালা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কৃষি কর্মকর্তা মো. জয়মূল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মো. শানজিত রানা, কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া খাঁন মুরাদ, ক্লাবের সদস্য জুলফিকার রহমান জোহা, দৈনিক প্রথম আলোর সাংবাদিক জাহানুর রহমান এবং মৎস্য অধিদপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০ জন প্রতিনিধি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এলিনা আক্তার ধরলা নদী ও এর অববাহিকা সংরক্ষণে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন। তিনি বলেন, নদী ব্যবস্থাপনা ও সংরক্ষণে স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ, সুনির্দিষ্ট নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ধরলা নদীর হারিয়ে যেতে থাকা অর্থনৈতিক গুরুত্ব ও সম্ভাবনা পুনরুদ্ধার, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি নদী ব্যবস্থাপনা ও শাসনসংক্রান্ত একটি নীতিমালা সংসদে উপস্থাপনের উদ্যোগ নেওয়া এবং নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ধরলা নদী ও এর অববাহিকার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং সংরক্ষণে করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বানের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ধরলা নদী রক্ষায় স্থানীয়দের মতামত ও সমন্বিত উদ্যোগের তাগিদ, কুড়িগ্রামে কর্মশালা

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com