এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি সরকারি কলেজে এবারে এইচএসসি পরীক্ষায় ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি সরকারি কলেজের শিক্ষকবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছেন চিলাহাটি প্রেসক্লাব।মঙ্গলবার ১৭ নভেম্বর  রাতে চিলাহাটি ডাকবাংলো হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম ওহাবুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল, সাবেক সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, এআই পলাশ, রবিউল ইসলাম,খায়রুল ইসলাম জুয়েল, ইফতেখারুল হক টিটু, রাশেদুল করিম তুষার, মারজান আলী শরীফ বিল্লাহ ও মোস্তাফিজুর রহমান সুজনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন চিলাহাটির সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবক মোহাব্বত হোসেন বাবু।এছাড়াও উপস্থিত নীলফামারী জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি এবং নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ  টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলাদুর রহমান মামুন এবং একাত্তর টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি কাজল চক্রবর্তী।আলোচনা সভায় চিলাহাটি প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল হক ওহাবুল বলেন, চিলাহাটি সরকারি কলেজে কর্মরত শিক্ষকদের ভালো ফলাফল অর্জনের সক্ষমতা রয়েছে বলে আমরা বিশ্বাস করি। তাঁদের মেধা, অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় আমাদের এই কলেজ থেকে আগামীতে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব। শিক্ষকদের সেই সক্ষমতা ও প্রচেষ্টাকে উৎসাহিত করতেই চিলাহাটি প্রেসক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি কেবল আনুষ্ঠানিক সম্মাননা নয়, বরং শিক্ষকদের প্রতি আমাদের আস্থা, সম্মান ও অনুপ্রেরণার বহিঃপ্রকাশ।এসময় চিলাহাটি সরকারি কলেজের শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এবারের ফলাফলে তাঁরা পুরোপুরি সন্তুষ্ট নন। তাঁদের মতে, সম্মিলিত প্রচেষ্টা থাকলে আগামীতে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব। শিক্ষকরা দুঃখ প্রকাশ করে বলেন, চিলাহাটি সরকারি কলেজ বর্তমানে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার পথে এগিয়ে যাচ্ছে। অথচ এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অনেকেই এ কলেজে ভর্তি হতে আগ্রহ দেখায় না। ফলে যেসব শিক্ষার্থী ভর্তি হচ্ছে, তাদের অনেকেরই এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ নয়। শিক্ষকদের দেওয়া তথ্যমতে, কলেজে প্রায় ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকে মাত্র ১০০ থেকে ১২০ জন। সীমিতসংখ্যক নিয়মিত শিক্ষার্থী নিয়েই ভালো ফলাফল অর্জনের জন্য তাঁদের নিরলস চেষ্টা চালিয়ে যেতে হচ্ছে।শিক্ষকরা আরও জানান, যেসব শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকে, তাদের অভিভাবকদের কলেজে ডেকে পাঠানো হলেও অনেক সময় তাঁদের পাওয়া যায় না। অথচ নির্বাচনী পরীক্ষায় ছয়টি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকরা তাঁদের সন্তানকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য কলেজে এসে অনুরোধ করেন।শিক্ষকদের মতে, শুধু পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করলেই ভালো ফলাফল সম্ভব নয়; নিয়মিত ক্লাস, পড়াশোনার প্রতি মনোযোগ এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল ভালো করতে হলে শুধু শিক্ষকদের ওপর দায়িত্ব চাপিয়ে দিলেই হবে না। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান—এই তিন পক্ষকেই সমানভাবে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, পড়াশোনার পরিবেশ এবং অভিভাবকদের সহযোগিতা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে চিলাহাটি সরকারি কলেজ থেকে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব।পরিশেষে অতিথিরাও কলেজের শিক্ষকদের বক্তব্যের প্রতি গুরুত্বারোপ এবং তাঁদের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়ার আহবান জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

এইচএসসিতে ফলাফল সন্তোষ জনক হওয়ায় চিলাহাটি কলেজ শিক্ষকদের সংবর্ধনা দিল প্রেসক্লাব

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com