মাগুরায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বিষয়ক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।


মাগুরায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বিষয়ক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফের (UNICEF) সহযোগিতায় জেলা তথ্য অফিস, মাগুরার আয়োজনে ‘Risk Communication & Community Engagement on Dengue and Measles Prevention’ শীর্ষক জেলা সমন্বয় সভা বুধবার ১৮ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রতিনিধি, মাগুরার সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য অংশীজনবৃন্দ। সভায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক স্বাস্থ্যবার্তা প্রচার এবং প্রতিরোধমূলক কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ বলেন, ডেঙ্গু ও হাম প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হাম প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকাদান নিশ্চিত করা, রোগের লক্ষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের আহ্বান জানান। সভায় সিভিল সার্জন ডেঙ্গু ও হাম প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের গৃহীত কার্যক্রম, রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।সভায় আরও বলা হয়, ডেঙ্গু ও হাম প্রতিরোধে গুজব ও ভুল তথ্য পরিহার করে নির্ভরযোগ্য ও বিজ্ঞানসম্মত স্বাস্থ্যতথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম, জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সভায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার, তৃণমূল পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মাগুরায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বিষয়ক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত।

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com