মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর আট মাস বয়সী শিশু রাসমিকা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে বালিদিয়া যাওয়ার সড়কের উত্তর পাশে মৃত আব্দুস সামাদের পারিবারিক পুকুরে স্হানীয়রা শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে মহম্মদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত রাসমিকা চক্রবর্তী মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর এলাকার ব্যবসায়ী সমীর কুমার চক্রবর্তী ওরফে কুটে ঠাকুরের মেয়ে।এর আগে গত ১৬ নভেম্বর বিকেলে মেয়েকে নিয়ে শীতের কাপড় কিনতে বাড়ি থেকে বের হন নন্দিতা চক্রবর্তী। তাঁর দাবি, রাজাপুর বাজারসংলগ্ন এলাকায় অটোরিকশায় থাকা বোরকা পরিহিত দুই নারী তাঁকে অচেতন করে কোল থেকে শিশুটিকে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে রাস্তার পাশে অচেতন অবস্থায় উদ্ধার করেন। জ্ঞান ফেরার পর মেয়েকে না পেয়ে কান্নাকাটি শুরু করেন তিনি। ঘটনাটি জানাজানি হলে পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। পাশাপাশি বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়।বর্তমানে নিখোঁজের দুই দিন পর শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আলোচনা হচ্ছে, এর আগেও এই একই দম্পতির আরেকটি শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনা ঘটেছিল। তাই আগের ঘটনা বিবেচনা করে বর্তমান ঘটনা তদন্তের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলমান রয়েছে।







