একটি শিশুর জন্ম, নাকি যমজ সন্তানের জন্ম হয়েছিল—নওগাঁর বলাকা ক্লিনিক ঘিরে এমন প্রশ্নে কয়েক দিন ধরে চলছিল আলোচনা। যমজ নবজাতকের একজনকে চুরির অভিযোগে তৈরি হওয়া এই রহস্যে এবার নতুন তথ্য সামনে এসেছে। সিভিল সার্জন কার্যালয়ের গঠিত বিশেষজ্ঞ তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত প্রসূতি শান্তনা আক্তারের গর্ভে একটি সন্তানই ছিল এবং অস্ত্রোপচারের সময় একটি নবজাতকের জন্ম হয়েছে।
গত ১৪ নভেম্বর প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। তবে বগুড়ার আদমদীঘি থেকে উদ্ধার হওয়া শিশুটির সঙ্গে বলাকা ক্লিনিকের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ জন্য শিশুটির ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত ৫ নভেম্বর নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে শান্তনা আক্তারের সন্তান জন্ম হয়। অপারেশনের পর একটি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও যমজ সন্তানের একজন নিখোঁজ হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর পাঁচ সদস্যের বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠন করে সিভিল সার্জন কার্যালয়। সংশ্লিষ্ট চিকিৎসকসহ মোট ৯ জনের বক্তব্য নিয়ে কমিটি প্রতিবেদন জমা দেয়।
তদন্তে আল্ট্রাসনোগ্রাম রিপোর্টের অসংগতি সামনে এসেছে। কমিটির সদস্য ও নওগাঁ সদর হাসপাতালের অবসরপ্রাপ্ত রেডিওলজিস্ট ডা. এ এম রেজাউল মাহমুদ তিনটি রিপোর্ট ও সংযুক্ত ছবি পরীক্ষা করে জানান, ১০ আগস্টের রিপোর্টে একটি সন্তানের কথা উল্লেখ ছিল। পরবর্তী ১২ ও ২১ অক্টোবরের রিপোর্টে যমজ সন্তানের কথা বলা হলেও ছবিতে দুটি ভ্রূণের অস্তিত্ব নিশ্চিত হওয়ার মতো প্রয়োজনীয় চিত্র পাওয়া যায়নি। এ কারণে ওই দুটি রিপোর্ট সঠিক নয় বলে মত দেন তিনি।
অপারেশনকারী সার্জন ডা. মাহফুজা খাতুনের বক্তব্যেও একটি শিশুর জন্মের বিষয়টি উঠে এসেছে। তদন্ত কমিটিকে তিনি জানান, আগের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টগুলোতে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় পুনরায় পরীক্ষা করানো হয়েছিল। সেখানেও যমজ সন্তানের কথা উল্লেখ ছিল। তবে ৫ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে সিজারিয়ান অপারেশন করার পর তিনি একটি শিশুই পান। বিষয়টি সঙ্গে সঙ্গে স্বজনদের জানানো হয়। অপারেশন থিয়েটারে উপস্থিত চিকিৎসক ও অন্য ব্যক্তিরাও এ বিষয়ে অবগত ছিলেন। ঘটনার একটি ভিডিও ধারণ করা রয়েছে বলেও জানান তিনি।
একই ধরনের বক্তব্য দিয়েছেন অপারেশন দলের সহকারী সার্জন ডা. মো. আব্দুল আউয়াল। তাঁর ভাষ্য, অস্ত্রোপচারের সময় একটি নবজাতক, একটি প্লাসেন্টা ও একটি কর্ড পাওয়া যায়। নবজাতকটির ওজন ছিল ৩ দশমিক ৭ কেজি। শিশুটি ছিল কন্যাসন্তান।
এদিকে বলাকা ক্লিনিকের মালিক মো. এনামুল হক তদন্ত প্রতিবেদনের তথ্যকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছে। যমজ শিশু জন্মের অভিযোগ তুলে একটি মহল ক্লিনিকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, পুলিশের দায়ের করা মামলায় তাঁকে আসামি করা হলেও যথাযথ তদন্ত করা হয়নি। তিনি বিষয়টির সুষ্ঠু নিষ্পত্তি এবং মামলা থেকে অব্যাহতি পাওয়ার আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, যমজ শিশু নিখোঁজের অভিযোগের সূত্র ধরে গত ১২ নভেম্বর রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে একটি নবজাতক উদ্ধার করে পুলিশ। ক্লিনিক মালিকের দাবি, শিশুটি ওই গ্রামের এক ব্যক্তি দত্তক নিয়েছিলেন এবং বগুড়ার আল-বারাকা ক্লিনিকে সিজারিয়ানের মাধ্যমে তার জন্ম হয়েছিল। তবে উদ্ধার হওয়া শিশুটিই বলাকা ক্লিনিকের আলোচিত শিশু কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পর্যালোচনা করে প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তের নিরপেক্ষতা নিশ্চিত করতে কমিটির সদস্যরা আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতা নিয়েছেন। প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী ব্যবস্থা তাঁরাই গ্রহণ করবেন।
অন্যদিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আদমদীঘি থেকে উদ্ধার হওয়া শিশুটি বলাকা ক্লিনিক থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ ওঠা শিশু নাও হতে পারে। প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা জরুরি। এ জন্য আদালতে আবেদন করা হয়েছে। আদালতের অনুমতি পেলে পরীক্ষা সম্পন্ন করা হবে। শিশুটির প্রকৃত বাবা-মায়ের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা হবে।







