দেশের সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে প্রকল্প দুটির অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হবে। প্রকল্প দুটি হলো—সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)।
গত ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদন দেওয়া হয়।
প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও সড়ক রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এসআইডিপি প্রকল্পের আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এ অর্থ দিয়ে স্থানীয় পর্যায়ে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হবে।
অন্যদিকে, আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় দেশের প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সম্প্রসারণ এবং বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণের কাজ বাস্তবায়ন করা হবে।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।









