নওগাঁর মান্দায় ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সাংবাদিক মহসিন রেজা , দিনরাত ছুটে চলেন খবরের পেছনে। কিন্তু এই ব্যস্ত পেশাগত জীবনের বাইরেও প্রকৃতির প্রতি টান আর কৃষির প্রতি ভালোবাসা থেকে গড়ে তুলেছেন এক অনন্য দৃষ্টান্ত। সাংবাদিকতার পাশাপাশি নিজের আম বাগানের ভেতরের পতিত জমিতে লাউ চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন স্থানীয় এক গণমাধ্যমকর্মী মহসিন রেজা । তার এই সমন্বিত ও আধুনিক চাষ পদ্ধতি দেখে এখন এলাকার অন্য চাষিরাও আম বাগানের ফাঁকা জায়গায় সাথী ফসল আবাদে উদ্বুদ্ধ হচ্ছেন।
আম বাগানে লাউয়ের বিপ্লব:
সরেজমিনে বাগান পরিদর্শনে গিয়ে দেখা যায়, সারি সারি আম গাছের মাঝখানের ফাঁকা জায়গায় বাঁশের মাচা তৈরি করা হয়েছে। সেই মাচাজুড়ে লকলকিয়ে বেড়ে উঠেছে সবুজ লাউ গাছ, যেখানে ঝুলছে শত শত কচি লাউ। সাধারণত আম চাষে বছরে মাত্র একবার ফলন ও আয় আসে। কিন্তু সাংবাদিক মহসিন রেজা আম গাছের কোনো ক্ষতি না করেই, মধ্যবর্তী খালি জায়গাকে শতভাগ কাজে লাগিয়েছেন।
উদ্যোক্তা সাংবাদিক মহসিন রেজা জানান, “সাংবাদিকতার ব্যস্ততার পর যেটুকু অবসর সময় পাই, সেটুকুই বাগানের পেছনে ব্যয় করি। আম বাগানটি ফাঁকা পড়ে থাকত এবং সেখানে আগাছা পরিষ্কার করতেই বাড়তি খরচ হতো। কৃষি কর্মকর্তাদের পরামর্শে আমি সেখানে উন্নত জাতের লাউ চাষের সিদ্ধান্ত নিই। অল্প পুঁজিতে বীজ, মাচা ও জৈব সারের ব্যবস্থা করে এই আবাদ শুরু করি। ইতিমধ্যে খরচ বাদে শুধু লাউ বিক্রি করেই ভালো অঙ্কের টাকা লাভ হয়েছে এবং বাজারে এখনো লাউয়ের ভালো চাহিদা রয়েছে।”মান্দা উপজেলা কৃষি কমকর্তা শাইলা শারমিন জানান, “আম বাগানে ফসল হিসেবে লাউ বা অন্যান্য সবজি চাষ অত্যন্ত লাভজনক। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং লাউ গাছের অবশিষ্টাংশ পরবর্তীতে পচে আম গাছের জন্য চমৎকার জৈব সার হিসেবে কাজ করে। সাংবাদিক সাহেবের এই উদ্যোগ প্রমাণ করে যে, সদিচ্ছা ও সঠিক পরিকল্পনা থাকলে যেকোনো পেশার মানুষই কৃষিতে সফল উদ্যোক্তা হতে পারেন।”
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি কৃষিতে এমন যুগান্তকারী সাফল্য স্থানীয় বেকার যুবকদের জন্য এক বড় বার্তা দিচ্ছে যে, ঘরে বসে না থেকে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে সহজেই স্বাবলম্বী হওয়া সম্ভব।









