পুলিশকে জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সততা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের কোনো বিকল্প নেই। দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে মানবিক আচরণ ও জনসেবার মানসিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম।আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮ টায় নওগাঁয় জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বার্ষিক প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব দিকনির্দেশনা দেন। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত প্যারেডে অভিবাদন গ্রহণের পাশাপাশি বিভিন্ন কন্টিনজেন্টের প্যারেড পরিদর্শন করেন তিনি।
পুলিশ লাইন্সে পৌঁছালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।প্যারেড শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে ডিআইজি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। প্রতিটি দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।বার্ষিক প্যারেডের আনুষ্ঠানিকতা শেষে নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন করেন ডিআইজি। এ সময় দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি, সংরক্ষিত নথিপত্র, বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শনকালে অফিসের সার্বিক কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। দাপ্তরিক কাজে পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।









