চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ঐতিহাসিক আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন পূর্ণাঙ্গভাবে চালু, স্থায়ী স্টেশন মাস্টার নিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নের দাবিতে জেলা প্রশাসক লুৎফুন নাহারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও আন্দোলনকারীরা।বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্দোলনকারীদের পক্ষে জীবননগর থানা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন খান খোকনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপিটি তুলে দেন।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জীবননগর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, ইউনিয়ন জামায়াতের আমির হারুন অর রশীদ চঞ্চলসহ স্থানীয় ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনটিতে জনবল ও অবকাঠামোগত সংকট বিরাজ করছে। প্রয়োজনীয় জনবল না থাকায় স্টেশনটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে এলাকার সাধারণ যাত্রী, ব্যবসায়ী ও রেলপথনির্ভর মানুষকে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।এ অবস্থায় জনস্বার্থ বিবেচনায় দ্রুত স্টেশনটির সংস্কার, পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, একজন স্থায়ী স্টেশন মাস্টার নিয়োগ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান নেতৃবৃন্দ।তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করলে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনটি পুনরায় সচল হবে এবং এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।









