মেহেরপুরের গাংনী উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আলমাস নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আলমাস মেহেরপুরের গাংনী উপজেলার কুচুখালী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে ওই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেন। ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।আদালতের রায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করে বলেন, এ রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। সমাজে এ ধরনের অপরাধ দমনে রায়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।









