চট্টগ্রামে আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত

সুবর্ণজয়ন্তী উদযাপন, ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব নিলেন বিজিবি মহাপরিচালক চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি সেন্টার ও স্কুলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ পুনর্মিলনী। একই সঙ্গে ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আর্টিলারি রেজিমেন্টের গৌরবোজ্জ্বল অবদানের কথা তুলে ধরেন।বাৎসরিক অধিনায়ক সম্মেলনে রেজিমেন্টের সার্বিক উন্নয়ন, পরিবর্তিত যুদ্ধপরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ আভিযানিক সক্ষমতা অর্জনের বিষয়ে আলোচনা হয়। পেশাগত উৎকর্ষ বজায় রেখে সর্বদা প্রস্তুত থাকার জন্য সেনাবাহিনী প্রধান সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।সম্মেলন শেষে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাবাহিনী প্রধান মনোমুগ্ধকর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন। পরে তিনি আর্টিলারি রেজিমেন্টের বর্তমান ও প্রাক্তন সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় রেজিমেন্টের সদস্যদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।পাশাপাশি পাঁচ দশক ধরে আর্টিলারি সদস্যদের আধুনিক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আর্টিলারি সেন্টার ও স্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংশ্লিষ্ট সকলের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেনাপ্রধান।এদিকে গত ৩ নভেম্বর আর্টিলারি রেজিমেন্টের ১১তম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।অনুষ্ঠানে শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে আর্টিলারি রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার তাঁকে কর্নেল কমান্ড্যান্টের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, বিজিবি মহাপরিচালক, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডারসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া আর্টিলারি রেজিমেন্টের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চট্টগ্রামে আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com