ঢাকার বসুন্ধরায় শুরু তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা

১২ দেশের ২৫০ প্রতিষ্ঠান, ৫৩ স্টলে প্রদর্শিত হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন ঢাকা, ৫ নভেম্বর ২০২৬: দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ মেলা চলবে।পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনস যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এতে ১২টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ৫৩টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণসহ কৃষি খাতের বিভিন্ন উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দেশের কৃষি খাতের সামগ্রিক উন্নয়ন, আধুনিকায়ন এবং উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব।তিনি বলেন, কৃষকদের মেধা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন, গবেষকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং সমাজে তাঁদের মর্যাদা বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এবারের মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি কৃষি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫৩টি স্টলে বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হচ্ছে, যা দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।প্রতিমন্ত্রী আরও বলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও আরডিএর মতো প্রতিষ্ঠানের উদ্যোগে ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে সেচের পানি সরবরাহ করে প্রায় ৪০ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। কৃষিতে সারের সঠিক ব্যবহার নিশ্চিত করা, অতিরিক্ত সার প্রয়োগ রোধ এবং জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে। বিগত ২০ বছরে নতুন কূপ খনন না করায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস পাওয়ার সুখবর এসেছে।উত্তরাঞ্চলে উৎপাদিত উদ্বৃত্ত আলু কাজে লাগিয়ে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। এ ছাড়া বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করে উত্তরাঞ্চলের আলু ও সবজি বিদেশে রপ্তানির পরিকল্পনা সরকারের রয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রামানিক বলেন, কৃষির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষিব্যবস্থার বিকাশ, কৃষি যান্ত্রিকীকরণ এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করতে হবে। এ জন্য কৃষি গবেষণা, শিক্ষা, প্রযুক্তি উদ্ভাবন ও শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা জরুরি।সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ বলেন, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, গবেষণালব্ধ জ্ঞানের মাঠপর্যায়ে প্রয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে কৃষি খাতের টেকসই উন্নয়ন সম্ভব। এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনী কৃষি খাতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের আধুনিক কৃষিযন্ত্র, প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে জানার পাশাপাশি কৃষি খাতের সংশ্লিষ্ট ব্যক্তি, উদ্যোক্তা ও দর্শনার্থীদের জন্য অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঢাকার বসুন্ধরায় শুরু তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা

05 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com