চট্টগ্রাম, ৫ নভেম্বর ২০২৬: দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ পর্যন্ত বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির ঘোষিত ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন দলের মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আলহাজ এরশাদুল্লাহ, সংসদ সদস্য সাঈদ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আশাদুল করিম শাহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আওয়ালসহ চট্টগ্রাম মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেলা ও মহানগর ড্যাবের নেতৃবৃন্দ।এ সময় বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। শুধু সরকার কিংবা স্থানীয় প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। প্রত্যেক নাগরিককে নিজের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করাও জরুরি। এ সময় তিনি দলের নেতাকর্মীদের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।কর্মসূচিতে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ব্যক্তিগত সতর্কতা ও সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণের বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি এসব বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিএনপির ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।









