প্রতিরক্ষা সহযোগিতা ও দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতার মিলিটারি পুলিশ ফোর্সেসের কমান্ডার মেজর জেনারেল রশিদ মোহাম্মদ মাসউদ আল-হাবাব আল-হাজরি।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কাতার প্রতিনিধি দলের প্রধান মেজর জেনারেল রশিদ মোহাম্মদ মাসউদ আল-হাবাব আল-হাজরি এবং বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি পারস্পরিক কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক এবং কৌশলগত বন্ধন আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
উল্লেখ্য, কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্য থেকে উপযুক্ত জনবল বাছাইয়ের উদ্দেশ্যে কাতারের প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সামরিক পর্যায়ে সহযোগিতা ও সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।









