জনসাধারণের নানা সমস্যা ও অভিযোগ শুনে সমাধানের উদ্যোগ নিতে সাপ্তাহিক গণশুনানি করেছেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি বুধবার জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ তাঁদের পারিবারিক, জমিজমা, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। গণশুনানিতে অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, পারিবারিক বিরোধ নিষ্পত্তি, জমিজমা সংক্রান্ত জটিলতা নিরসন, বিভিন্ন অভিযোগের প্রতিকার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা প্রদানের বিষয়গুলো গুরুত্ব পায়। এরই ধারাবাহিকতায় বুধবারের গণশুনানিতে চুয়াডাঙ্গা সরকারি কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর বই কেনার জন্য আর্থিক সহায়তা এবং একই কলেজের আরেক শিক্ষার্থীর জন্য কলেজ ড্রেস তৈরি করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। জেলা প্রশাসনের এ উদ্যোগকে শিক্ষাবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।









